ইংল্যান্ডের পর ভারতকেও হারাল যুবারা

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৮:৫৯ এএম

ইংল্যান্ডে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দারুণ নৈপুণ্য দেখাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারানোর পর মঙ্গলবার ভারত অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা।

টবি হাউই ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৬ ওভারে ২২১ রান তুলে ভারতীয় দল। বাংলাদেশের ব্যাটিংয়ে নামার সময় আবার বৃষ্টির হানা।  বৃষ্টি আইনে বাংলাদেশ ৩২ ওভারে ২১৮ রানের লক্ষ্য পায়। ৩ বল হাতে রেখে ২ উইকেটের জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা। তাতে বড় অবদান পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক আকবর আলির।

শুরুতেই তানজিদ হাসানের উইকেট হারিয়েছিল বাংলাদেশ। থিতু হয়ে ফেরেন মাহমুদুল হাসান জয় (২২)। ৩ উইকেটে ইমনের সাথে ৬৩ রানের জুটি গড়েন তৌহিদ হৃদয়। ফেরার আগে তিনি করেন ৩০ রান।

নিয়মিত বিরতিতেই উইকেট হারাচ্ছিল বাংলাদেশ। তবে ভিন্ন সময়ে একপ্রান্ত আগলে রেখে খেলেন ইমন ও আকবর। রবি বিশ্নয়ের শিকার হয়ে ফেরার আগে ইমন ৬ চার ও এক ছয়ে ৪৫ বলে ৫১ রান করে। আকবর ৩৬ বলে ৪৯ রানের ইনিংস খেলে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন। তার ইনিংসে ছিল ২টি ছয় ও ৫টি চার। ২২ ও ১৬ রান করে যথাক্রমে শামীম ও মৃত্যুঞ্জয় অধিনায়ককে সঙ্গ দেন। সকলের মিলিত প্রচেষ্টায় ৩ বাকি থাকতেই ২ উইকেটের জয় পায় বাংলাদেশ।

এই জয়ে পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ভারত। দুই পয়েন্ট নিয়ে তলানিতে স্বাগতিক ইংল্যান্ড।

বাংলাদেশ যুবাদের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত