সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রায় আড়াই গুণ বাড়িয়ে ২০১৯-২০ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে কমানো হয়েছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা।
বুধবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর ফজলে কবির এ মুদ্রানীতি ঘোষণা করেন।
এতে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২৪ দশমিক ৩০ শতাংশ করা হয়েছে। আগের মুদ্রানীতিতে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ১০ দশমিক ৮ শতাংশ।
অন্যদিকে চলতি অর্থবছরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ১৪ দশমিক ৮০ শতাংশ ধরা হয়েছে। আগের মুদ্রানীতিতে এ খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ১৬ দশমিক ৫০ শতাংশ।
এছাড়া মূল্যস্ফীতি ৫ দশমিক ৫০ শতাংশ পরিমিত রেখে ৮ দশমিক ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের জন্য পর্যাপ্ত ঋণ প্রশাসনের লক্ষ্যে ঘোষিত মুদ্রানীতি আগের মত সতর্কভাবে সংকুলানমুখী রয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর।
এসময় মুদ্রানীতির লক্ষ্যমাত্রা অর্জনে সংশয় প্রকাশ করে তিনি বলেন, দেশের বিস্তৃত এলাকা বন্যকবলিত। এটা যদি অব্যাহত থাকে কিংবা নতুন করে বন্যাকবলিত হয়, তাহলে কৃষি উৎপাদনের ক্ষতি মুখ্য হয়ে দেখা দিতে পারে।
এছাড়া বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে সৃষ্ট অনিশ্চয়তাও মুদ্রানীতির ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ফজলে কবির।
