প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি পেল ‘মনের মতো মানুষ পাইলাম না’। সিনেমাটি মঙ্গলবার সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানান পরিচালক জাকির হোসেন রাজু।
নির্মাতা আরও জানান, ছবিটির প্রশংসা করেছেন সেন্সর বোর্ডের সদস্যরা। সবকিছু ঠিক থাকলে মুক্তি পাবে ঈদুল আজহায়।
দেশবাংলা মাল্টিমিডিয়া প্রযোজনায় ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলি।
২০১৩ সালে শাকিব ও অপু বিশ্বাসকে নিয়ে ‘মনের মতো মানুষ পাইলাম না’র মহরত করেন রাজু। এর পর নানা কারণে নির্মাণ পিছিয়ে যায়। পরবর্তীতে অপুর সঙ্গে শাকিবের বিরোধের জেরে যুক্ত হন বুবলি।
এদিকে ঈদুল আজহায় আরও মুক্তি পাচ্ছে ‘বেপরোয়া’। ভারতের রাজা চন্দের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন ববি হক ও রোশান। প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
