ডেঙ্গু মোকাবেলায় মন্ত্রণালয়, মেয়রের অবহেলা অমার্জনীয়: ড. কামাল

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৮:২৭ পিএম

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ডেঙ্গু মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকার দুই মেয়রসহ সংশ্লিষ্টদের অবহেলা অমার্জনীয়।

বুধবার সন্ধ্যায় গণফোরামের দপ্তর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে তিনি  এ কথা বলেন।

বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, সরকার ডেঙ্গু জ্বরের ভয়াবহতা উপলব্ধি করতে পারেনি। তাই ডেঙ্গু মোকাবেলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকার দুই মেয়রসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর অবহেলা অমার্জনীয়। স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের এ সময়ের ভূমিকা নিন্দনীয়।

গণফোরাম সভাপতি বলেন, সরকারের নির্লিপ্ততা ও উদাসীনতায় ডেঙ্গুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ওষুধ আমদানির ব্যাপারে হাইকোর্ট নির্দেশনা দিচ্ছেন, তা কারো কাম্য ছিল না।

ডেঙ্গু মহামারি আকার ধারণ করায় জনগণ অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কগ্রস্ত বলে মন্তব্য করেন ড. কামাল হোসেন।

একইসঙ্গে অবিলম্বে সরকারকে ডেঙ্গুর বিষয়ে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত