চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীর পরকীয়ায় নিহত রাকিব ওরফে বাবু হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও নিহতের স্ত্রীসহ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই সঙ্গে মৃত্যুদণ্ড প্রাপ্তদের এক লাখ টাকা এবং যাবজ্জীবন প্রাপ্তদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পরানপুর-বলিহারপুরের মেনশাদ মণ্ডলের ছেলে মেহরাব হোসেন ওরফে বাচ্চু, মহেশপুরের বাহার আলীর ছেলে জামাল উদ্দীন, ছোট মহেশপুরের আব্দুস সাত্তারের ছেলে হযরত আলী।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- পরানপুর বলিহারপুরের রাকিব ওরফে বাবুর স্ত্রী সাহেরা খাতুন, আলাউদ্দীনের ছেলে মো. মোহবুল, মো. মঙলুর ছেলে মো. মিটুল, ছোট মহেশপুর গ্রামের রবুর ছেলে আসলাম।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আটজনকে বেকসুর খালাস দেয়।
মামলার এজাহারের বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, জেলার শিবগঞ্জ উপজেলার পরানপুর বলিহারপুরের নাইমুল ইসলামের ছেলে রাকিব ওরফে বাবুকে ২০১৫ সালের ২৯ মার্চ রাত ৯ টার দিকে স্ত্রীর সাহেরা খাতুনের পরকীয়ার জের ধরে আসামিরা পিকনিকের নামে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে। পরদিন সকাল ৭ টায় মহেশপুরের মহানন্দা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা নাইমুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
শিবগঞ্জ থানার এসআই আব্দুল করিম ২০১৬ সালের ১৩ জুলাই ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
