জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ। তবে এখন আর সিনেমায় দেখা যায় না তাকে। বরং প্রতি ঈদে দু-একটি নাটকে অভিনয় করেন তিনি। আসছে কোরবানির ঈদের একাধিক নাটকে পাওয়া যাবে এই অভিনেতাকে। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
শুনলাম ঈদের একাধিক নাটকে শ্যুটিং করেছেন...
হ্যাঁ, ঠিকই শুনেছেন। সারা বছর দর্শকের অভিযোগ থাকে কেন তারা আমাকে নিয়মিত পায় না অভিনয়ে। তাই ঈদের সময় অন্তত সব ব্যস্ততা দূরে ঠেলে ভালো গল্পের অল্প কিছু নাটক করি। শত শত নাটকের ভিড়ে আমার অভিনীত নাটকগুলো প্রতিবারই আলোচিত হয়, এটা আমার ভালো লাগে। আমি বুঝি, দর্শক আমাকে কতটা পছন্দ করে।
সর্বশেষ কোন নাটকের শ্যুটিং করলেন?
সবাই জানেন নির্মাতা এস এ হক অলিকের সঙ্গে আমার সম্পর্কটা কত গাঢ়। তার পরিচালিত ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সিনেমা দুটি আমার ক্যারিয়ারের অন্যতম ব্যবসাসফল সিনেমা। তাই তার কোনো কাজ এলে আমি না করতে পারি না। সম্প্রতি অলিকের পরিচালনায় ‘জমিদার’ শিরোনামের একটি টেলিফিল্মের মূল ভূমিকায় অভিনয় করেছি। গাজীপুরে শেষ হয়েছে এর শ্যুটিং। তবে এ টেলিফিল্মে শুধু অলিকের জন্য কাজ করিনি, গল্পটিও আমার মনে ধরেছে। এতে আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া। আর ডাকাত চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু।
‘জমিদার’-এর গল্পটি কেমন?
এ টেলিছবির গল্পে দেখা যাবে আমি একজন জমিদার। আমার পূর্বপুরুষরাও জমিদার ছিলেন। এখনো সেই সম্মান ও প্রতিপত্তি রয়েছে। এখনো সেভাবেই চলাফেরা করতে ভালোবাসি আমি। এই এলাকার এক বিখ্যাত ডাকাত একদিন জমিদার বাড়িতে ডাকাতি করতে আসে। তারপর একটি ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে যায় টেলিছবিটি। আমি অভিনয় করে তৃপ্তি পেয়েছি। আসলে আমরা যারা নিয়মিত অভিনয় করি, তাদের অভিনয়টা পেশা ও নেশা। ভালো চরিত্র নিয়ে শ্যুটিং করার পর আমাদের ঘুমটাও ভালো হয়। আবার খারাপ একটি গল্পে কাজ করার পর রাতে ঠিকমতো ঘুমটা হয় না। জমিদার চরিত্রে শ্যুটিং শেষ করার পর ভালো ঘুম হয়েছে। আশা করি, কাজটি সবাই পছন্দ করবেন।
ঈদের জন্য ৭ পর্বের ধারাবাহিকে...
সম্প্রতি ঈদের জন্য ৭ পর্বের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি। নাটকের নাম ‘সন্ধ্যা নামার পরে’। তারিক মুহম্মদ হাসানের রচনা ও পরিচালনায় এ নাটকে আমি চারটি চরিত্রে অভিনয় করছি। একটি চরিত্রে গ্রামের যুবক হিসেবে দেখা যাবে, বাকি তিনটি চরিত্র ভূতের। গেছো ভূত, মামদো ভূত ও পাইন্যা ভূত হয়ে দর্শকের সামনে আসব! এ নাটকের গল্প আমার ভালো লেগেছে। আমার সহশিল্পীরাও অভিজ্ঞ। পরিচালকও আমার স্নেহের ছোট ভাই। সব মিলিয়ে কাজটি ভালো হবে বলে আশা করছি। এটি আগামী ঈদে নাগরিক টেলিভিশনে প্রচার হবে।
