হাইটেক পার্কে বিনিয়োগে ওএসএস

গ্যাস পানি সংযোগ ৭ দিনে

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১২:৩৮ এএম

হাইটেক শিল্প পার্কে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) দেবে সরকার। এজন্য কেন্দ্রীয়ভাবে ঢাকায় ওএসএস সেন্টার স্থাপন ছাড়াও দেশের যেসব এলাকায় হাইটেক পার্ক হচ্ছে, তার প্রত্যেকটিতেই আঞ্চলিক ওএসএস সেন্টার থাকবে। নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশন করে ডেভেলপার, উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা সেবা পাবেন। ওএসএসের আওতায় আবেদনের পর কোনো সেবা পেতে কতদিন সময় লাগবে, তা সুনির্দিষ্ট করে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বিধিমালা অনুযায়ী, সেবা প্রার্থীকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। প্রতিটি সেবার জন্য ফি আদায় করা হবে। আবেদন করার একদিনের মধ্যে পাওয়া যাবে আমদানি-রপ্তানি অনুমতিপত্র, আমদানি-রপ্তানির নমুনা অনুমোদন, টিআইএন ও ভ্যাট রেজিস্ট্রেশন, স্থানীয় ক্রয় অনুমোদন, ব্রিং-ব্যাক অনুমোদন, কান্ট্রি অব অরিজিন সনদ (জিএসপি) ও কান্ট্রি অব অরিজিন সনদ (সাধারণ)। বিধিমালা অনুযায়ী আবেদনের দুই দিনের মধ্যে মিলবে ডিউটি ফ্রি গাড়ি রেজিস্ট্রেশন, আমদানি-রপ্তানি করা মালামাল, কন্টেইনার, কার্গো খালাস ও কাস্টমস ছাড় করা, বন্ড টু বন্ড ট্রান্সফার, শিপ ব্যাক, মেশিন লোন, মেশিন মেরামতের অনুমতি, পোস্ট পার্সেল ছাড়পত্র, সাব-কন্ট্রাক্ট অনুমোদন এবং ভিসা প্রদান ও মেয়াদ বাড়ানোর সুপারিশ। বিদ্যুৎ পরিকল্পনা অনুমোদন ও অনাপত্তি সনদ, গ্যাস সংযোগ, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা মিলবে সাত দিনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত