ফেরি ছাড়তে বিলম্ব, ছাত্রের মৃত্যু

অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি পুনর্গঠন

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০২:০৩ এএম

যুগ্ম সচিবের জন্য ফেরি বিলম্বের ঘটনা তদন্তে গঠিত কমিটি পুনর্গঠন করেছে সরকার। এবার নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিককে কমিটির প্রধান করা হয়েছে। একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান ও উপসচিব হাবিবুর রহমান হাকিম কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। গত বুধবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে নৌপরিবহন মন্ত্রণালয়। এর আগে উচ্চ আদালত একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি তদন্ত করার জন্য সরকারকে নির্দেশ দেয়।  

গত ২৫ জুলাই মাদারীপুর জেলার কাঁঠালবাড়ীর ১ নম্বর ফেরিঘাটে ‘কুমিল্লা’ নামের ফেরিটি একজন ‘ভিআইপি’ আসার অপেক্ষায় ছিল। একসেস টু ইনফরমেশন (এ টু আই) প্রকল্পের পরিচালক ও ১৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা যুগ্ম সচিব আবদুস সবুর ম-লের ফেরিতে আসার বার্তা দিয়েছিলেন মাদারীপুর জেলার ডিসি। ওই সময় খুলনা থেকে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স রাত ৮টায় ফেরিঘাটে পৌঁছায়। রোগীর আত্মীয়স্বজন অপেক্ষমাণ ফেরিটি ছাড়ার জন্য ঘাট কর্র্তৃপক্ষকে অনুরোধ জানালেও তারা ছাড়েনি। তিন ঘণ্টা ফেরিটি ওই ‘ভিআইপির’ জন্য অপেক্ষা করেছিল। রোগীর আত্মীয়স্বজনের ভাষ্য, এই বিলম্বের জন্য অ্যাম্বুলেন্সের রোগী নড়াইলের কালিয়া উপজেলার  কালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাসের মৃত্যু হয়। ঘটনা তদন্তের জন্য যে কমিটি করা হয় তাতে একজন জুনিয়র কর্মকর্তাকে দিয়ে সিনিয়র কর্মকর্তার তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি নিয়ে দেশ রূপান্তরে প্রতিবেদন প্রকাশের পর তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত