সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ও সালমান খান অভিনীত ‘ইনশাল্লাহ’র জন্য মুক্তির দিন এগিয়ে এনেছে রোহিত শেঠি পরিচালিত অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’। কিন্তু আমির খানের জন্য মাঠ ছাড়তে রাজি নন ‘খিলাড়ি’-খ্যাত অভিনেতা।
অক্ষয়ের ‘বচ্চন পাণ্ডে’ সিনেমাটি মুক্তি পাবে ২০২০ সালের বড়দিনে। অথচ আগেই ঘোষণা দেওয়া হয়েছে একই সময়ে আসবে আমির খানের পরের সিনেমা ‘লাল সিং চাড্ডা’।
এই বক্স অফিস দ্বন্দ্ব নিয়ে অক্ষয়ের সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রশ্ন করে মুম্বাই মিরর। সেখানে তিনি জানান, ছুটির দিন খুবই সীমিত। তাই একই দিনে একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ায় অবাক হওয়ার কিছু নেই।
তিনি বলেন, “বছরে ৫২টি শুক্রবার। আর (সরকারি) ছুটি আছে এমন সপ্তাহান্তে সামান্যই। আমরা বছরে ২০০ এর বেশি হিন্দি সিনেমা তৈরি করি, যেখানে হলিউড ৪০টির মতো ছবি বানায় এবং দক্ষিণ ভারতীয় ও অন্যান্য আঞ্চলিক সিনেমাও রয়েছে। যদি এক সপ্তাহে দুটি বড় সিনেমা মুক্তি পায় আমাদের খুশি হওয়াই উচিত। যদি কেউ মাঠ না ছাড়ে তবে এই বছরের স্বাধীনতা দিবসে তিনটি ছবি (মিশন মঙ্গল, বাটলা হাউস ও সাহো) মুক্তি পাবে।”
অক্ষয়ের পরের ছবি জগন শক্তি পরিচালিত ‘মিশন মঙ্গল’। আরও অভিনয় করেছেন বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, নিত্য মেনন ও কীর্তি কুলহারি।
‘মিশন মঙ্গল’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সম্প্রতি অক্ষয় বলেন, একই দিনে একাধিক সিনেমা মুক্তি পেলে চমকে যাওয়া কিছু নেই। কাউকে দোষারোপ করা ঠিক হবে না।
