স্নায়ুযুদ্ধের আমলে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে করা অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার ব্যাংকক সফরকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর আনুষ্ঠানিক ঘোষণা দেন বলে জানিয়েছে সিএনএন।
পূর্বঘোষিত সময় অনুযায়ী শুক্রবার ‘ইন্টারমেডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। রাশিয়া সহযোগিতা করছে না অভিযোগ তুলে ছয় মাস আগে ওয়াশিংটন চুক্তি প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছিল। পাল্টা জবাবে রাশিয়াও চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছিল। রাশিয়ার এক সেনা বিশেষজ্ঞ সাংবাদিকদের বলেন, ‘চুক্তিটি আর নেই। পরবর্তী পদক্ষেপ কী হয় আমরা তা দেখার এবং নতুন অস্ত্রের উন্নয়নের অপেক্ষায় আছি। রাশিয়া সব দিক দিয়ে প্রস্তুত।’
১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের ওই সময়ে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ আইএনএফ চুক্তি স্বাক্ষর করেছিলেন। ওই চুক্তিতে ৫০০ কিলোমিটার থেকে ৫ হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা ছিল। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অভিযোগ, মস্কো নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্নয়নের কাজ করছে।
ঐতিহাসিক ওই চুক্তি অকার্যকর হয়ে পড়ায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। কারণ আইএনএফ চুক্তি এত দিন আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করেছে।
