বাংলাদেশের মশা রাজ্যে ডেঙ্গু ছড়াচ্ছে : মমতা

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০২:৫৬ এএম

রাজ্যে ডেঙ্গু ছড়ানোর পেছনে বাংলাদেশ থেকে আসা মশার ভূমিকা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত বৃহস্পতিবার কলকাতার তারামণ্ডল থেকে নজরুল মঞ্চ পর্যন্ত ‘সবুজ বাঁচাও’ অভিযানের ডাকে পদযাত্রায় অংশগ্রহণকালে মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেন বলে জানিয়েছে আনন্দবাজার।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশে কিছু হলে এখানে তার প্রভাব পড়ে। তাই সীমান্ত এলাকাগুলোতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশে খুব ডেঙ্গু হচ্ছে। আমাদের বাড়তি সাবধানতা নিতে হবে। সীমান্ত এলাকায় মশা ওপার থেকে এপারে আসে, এপার থেকে ওপারে যায়। দুপারেই অনেক মানুষ যাতায়াত করেন।’

পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ডেঙ্গুতে ৭০০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সব থেকে বেশি রোগী উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকা হাবড়ায়। জেলার সরকারি হিসাব অনুযায়ী, প্রায় ৫০-৬০ শতাংশ ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে এখানে। জেলার ব্যারাকপুরে ৫৬, অশোকনগর-কল্যাণগড়ে ৫৬, ভাটপাড়ায় ৩৮, বিধাননগরে ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া জেলার টিটাগড়ে ৫৩, পানিহাটিতে ৪০ ও ভড়দায় ৩৬ জন ডেঙ্গু রোগী পাওয়া যায়। ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাবড়া হাসপাতালে রোগী-চিকিৎসকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ এসে তিনজনকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত