ইসিতে আয় ব্যয়ের হিসাব দিয়েছে ৩৩ দল

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০৩:২২ এএম

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৪১টি রাজনৈতিক দলের মধ্যে ৩৩টি ২০১৮ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। ছয়টি দল হিসাব দিতে আরও সময় চেয়েছে। আর দুটি দল নতুন নিবন্ধিত হওয়ায় প্রতিবেদন জমা দেবে আগামী বছর থেকে। গতকাল শুক্রবার ইসি উপসচিব আবদুল হালিম খান দেশ রূপান্তরকে এসব তথ্য জানান।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলকে প্রতি পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নিবন্ধিত নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষা করে পরের বছর ৩১ জুলাইয়ের মধ্যে ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর এ হিসাব না দিলে ইসি চাইলে দলটির নিবন্ধন বাতিল করতে পারে। ইসির উপসচিব আবদুল হালিম খান বলেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ও বাংলাদেশ কংগ্রেস নতুন নিবন্ধিত হওয়ায় আগামী বছর থেকে তাদের আর্থিক লেনদেনের প্রতিবেদন জমা দিতে হবে। আয়-ব্যয়ের হিসাব যাচাই–বাছাই হবে কি নাÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যেসব দলের অডিট রিপোর্ট পেয়েছি সেগুলো যাচাই-বাছাই করব। নির্ধারিত ছকে তথ্য দিয়েছে কি না, অডিট ফার্মের স্বাক্ষর, সিলমোহর বা দলের সম্পাদকের স্বাক্ষর আছে কি না তা দেখব। যে ফার্ম অডিট করেছে সেই প্রতিষ্ঠানগুলোর খোঁজখবর নেব। তারপর কমিশনে বিবেচনার জন্য উপস্থাপন করব।’

ইসির এই উপসচিব আরও জানান, প্রতিবেদনে কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করতে বলা হবে। আর সময় চেয়ে ছয়টি দলের করা আবেদনের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

ইসির তথ্যানুযায়ী, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ২০১৮ সালে ২৪ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৭০৭ টাকা আয় ও ১৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৫৫৭ টাকা ব্যয় দেখিয়েছে। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির আয় ১ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার টাকা; আর ব্যয় ১ কোটি ২০ লাখ ২৬ হাজার টাকা। বিএনপি হিসাব বিবরণীতে ৯ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ৩৮০ টাকা আয় ও ৩ কোটি ৭৩ লাখ ২৯ হাজার ১৪৩ টাকা ব্যয়ের তথ্য দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত