শেরপুরের শ্রীবরদীতে বুদ্ধিপ্রতিবন্ধী এক বিধবাকে (৪৫) ধর্ষণের অভিযোগে ফজলুর রহমান ওরফে ফটকে (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের দক্ষিণ তাতিহাটি মহল্লায় এ ঘটনায় ওই নারীর ছেলে বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ফটকেকে আটক করে। পরে অভিযোগটিকে মামলা হিসেবে নিয়ে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। চিকিৎসা পরীক্ষার জন্য ওই নারীকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে ওই বিধবাকে ফুসলিয়ে বাড়ির পার্শ্ববর্তী এইচ আর মডেল স্কুলের সিঁড়ির নিচে নিয়ে ধর্ষণ করেন ফটকে। ঘটনাটি ওই নারীর ছেলে দেখে ফেলে। পরে কৌশলে ফটকে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ নিয়ে স্থানীয়রা আপস-মীমাংসার চেষ্টা করে। এতে ওই নারীর ছেলে সম্মত না হয়ে থানায় দুজনের নামে একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতেই ফটকেকে আটক করে। শ্রীবরদী থানার ওসি রুহুল আমিন তালুকদার ফটকেকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি জানিয়েছেন।
