গাজীপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নজরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। র্যাবের দাবি, গত বৃহস্পতিবার গভীর রাতে নগরীর পূবাইল তালটিয়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নজরুল টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকার মৃত মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ ১২টি মামলা রয়েছে।
র্যাব-১-এর এএসপি কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বালুর মাঠ এলাকায় ৬-৭ জন মাদক কারবারি অবস্থান করছে এমন খবরে র্যাব অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি চালালে নজরুল গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। নজরুলকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোলাগুলির সময় র্যাবের সৈনিক প্রবীর আহত হয়েছেন জানিয়ে কামরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, তিনটি শটগান এবং আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
