কোহলির অনুপ্রেরণা রোনালদো

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০৩:৫১ এএম

নিজে পুরোদস্তুর ক্রিকেটার, কিন্তু ফুটবল তার ভীষণ প্রিয়। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের খোঁজ-খবর নিয়মিতই রাখেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। খেলার মাঠে তিনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তা কমবেশি সবারই জানা। কোহলির চোখে, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো চ্যালেঞ্জ বেশি নেয় আর্জেন্টাইন লিওনেল মেসির চেয়ে। তাই রোনালদোর কাছ থেকে অনুপ্রেরণা খুঁজে পান কোহলি।

মেসি ও রোনালদো দুজনের সমান পাঁচটি করে ব্যালন ডি’অর। কিন্তু দলীয় অর্জনে মেসিকে ছাপিয়ে গেছেন রোনালদো। ফিফা ডটকমে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘আমার কাছে রোনালদোর স্থান সবার ওপরে। ওর পরিশ্রমের তুলনাই চলে না। সাফল্যের জন্য সে কতটা পাগল, সেটা প্রতি ম্যাচেই বোঝা যায়। সে (রোনালদো) যতগুলো ক্লাবে খেলেছে আমি তাদের সমর্থন দিয়েছি। তার থেকে আমি অনুপ্রেরণা পাই।’

মেসি ও রোনালদো কে সেরা এই বিতর্ক সম্পর্কে কোহলি বলেন, ‘আমার মতে রোনালদো বেশি চ্যালেঞ্জ নিয়েছে। সবকটিতে সফলও হয়েছে। আমার দেখা সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় সে। ও কী পরিমাণ পরিশ্রম করে, সেটা আমি দেখেছি। ও অন্যদের জন্য অনুপ্রেরণা। আমার মনে হয় না খুব বেশি মানুষ এটা করতে পারে। তার মধ্যে একজন নেতার সত্তা আছে। এটাও আমার ভালো লাগে। ওর আত্মবিশ্বাসও দারুণ। আমার চোখে সেই সেরা।’

কোহলি বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি খেলবে ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত