১৯৯৩ সালে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘পরম্পরা’তে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন আমির খান ও সাইফ আলী খান। সেই সিনেমা ব্যর্থ হলেও দুই নায়ক ২০০১ সালে দর্শকদের উপহার দেন ব্লকবাস্টার ‘দিল চাহতা হ্যায়’। এবার তাদের দেখা যাবে জনপ্রিয় তামিল সিনেমা ‘বিক্রম ভেদা’র হিন্দি সংস্করণে।
বর্তমানে ‘লাল সিং চাড্ডা’র শুটিং প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছেন আমির খান। তার বিপরীতে অভিনয় করছেন সাইফের স্ত্রী কারিনা কাপুর খান। এর মাঝেই এলো নতুন সিনেমার খবর।
একটি সূত্রের বরাত দিয়ে ফিল্মফেয়ার জানায়, একই নামে তামিল ‘বিক্রম ভেদা’র রিমেক হচ্ছে হিন্দিতে। এতে নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন আমির। অন্যদিকে সৎ পুলিশ অফিসার হচ্ছেন সাইফ। মূল সিনেমায় এই দুই চরিত্রে ছিলেন যথাক্রমে বিজয় সেতুপতি ও আর মাধবন।
তামিল সংস্করণের মতোই বলিউড সিনেমাটি পরিচালনা করবেন গায়ত্রী পুস্কর। প্রযোজনা করবেন নীরাজ পাণ্ডে। শুটিং শুরু হবে ২০২০ সালের মার্চে।
এর আগে শোনা দিয়েছিল হিন্দিতেও পুলিশ চরিত্রে থাকছেন মাধবন। অন্য চরিত্রের জন্য শাহরুখ খানকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ভেদা চরিত্রের সঙ্গে আগে করা সিনেমার মিল আছে- এ কারণ দেখিয়ে না করে দেন কিং খান।
