বিশ্বকাপে ভালো করতে না পারলেও কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে ব্যাটে ঝড় বয়ে দিচ্ছেন ক্রিস গেইল। এডমন্টন রয়্যালসের বিপক্ষে বাঙ্কুবার নাইটসের হয়ে শুক্রবার ৪৪ বলে খেলেছেন ৯৪ রানের ইনিংস। পাকিস্তানী বোলার শাদাব খানের এক ওভারেই নিয়েছেন ৩২ রান।
ওন্টারিওর ব্রাম্পনে অধিনায়ক গেইলের আগুনে ব্যাটিংয়ে ২১ বল হাতে রেখেই মাত্র চার উইকেট হারিয়ে জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্যে পৌঁছে যায় বাঙ্কুবার। তাতে বড় অবদান গেইলেরই। চার রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন গেইল। ৪৪ বলে খেলা তার ৯৪ রানের ইনিংসটিতে রয়েছে ছয়টি চার ও নয়টি ছক্কার মার। অন্যদের মধ্যে শোয়েব মালিক ১৭ বলে করেন অপরাজিত ৩৪ রান।
গেইল তার আগুনে ইনিংস খেলার পথে বেদম পিঠিয়েছেন শাদাবকে। এই লেগ স্পিনারের এক ওভারে চারটি ছক্কা ও দুটি চার হাঁকিয়েছেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব। ওভারটিতে গেইল রান বিশ্লেষণ এমন- ৬, ৬, ৪, ৪, ৬, ৬!
আগের ম্যাচে মন্ট্রিল টাইগার্সের বিপক্ষে ৫৪ বলে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেছিলেন গেইল।
