‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’কে বলা হয় হলিউডের অন্যতম মডার্ন ক্ল্যাসিক। কিছুদিনের মধ্যেই সিনেমাটি মুক্তির পঁচিশ বছর পূর্ণ হবে। এই উপলক্ষে পুনরায় দেখা যাবে প্রেক্ষাগৃহে।
এন্টারটেইনমেন্ট উইকলির এক প্রতিবেদনে জানা যায়, ২২ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র জুড়ে নির্দিষ্ট কিছু সিনেমা হলে দেখা যাবে একাধিক বিভাগে অস্কার মনোনয়ন পাওয়া ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’।
টিম রবিনস ও মরগান ফ্রিম্যান অভিনীত সিনেমাটি মুক্তি পায় ১৯৯৪ সালের ১০ সেপ্টেম্বর। পরিচালনা করেন ফ্রাঙ্ক ডারাবন্ট।
মূলত ১৯৮২ সালে প্রকাশিত স্টিফেন কিংয়ের নভেলা ‘রিটা হেওয়র্থ অ্যান্ড শশাঙ্ক রিডেম্পশন’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। আড়াই কোটি ডলারের ছবিটি শুরুতে একদমই ব্যর্থ হয়। মাত্র ১.৬ কোটি ডলার আয় করে। কিন্তু পরবর্তীতে হোম ভিডিওতে জনপ্রিয় পায়, অর্জন করে নেয় কাল্ট সিনেমার মর্যাদা। ব্যবসায়িক ব্যর্থতাও মুছে যায়।
বর্তমানে ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবির ‘সেরা ২৫০ সিনেমা’র তালিকায় প্রথম স্থানে রয়েছে এই ছবি।
দুজন কয়েদির বন্ধুত্ব নিয়ে নির্মিত হয়েছে ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’। ছবিটি সাতটি বিভাগে অস্কার মনোনয়ন পায়। এর মধ্যে ছিল সেরা সিনেমা ও সেরা অভিনেতা। তবে পুরস্কার পেতে ব্যর্থ হয়।
১৯৯৪ সালে মুক্তি পায় আরও দুই হলিউড ক্ল্যাসিক- ফরেস্ট গাম্প ও পাল্প ফিকশন। এ দুটি ছবি বাণিজ্যিকভাবে সফল।
