বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত উপন্যাসের শেষভাগ নিয়ে তৈরি হচ্ছে শুভ্রজিৎ মিত্রর ছবি ‘অভিযাত্রিক’। ছবিতে অপুর ভূমিকায় আরিফিন শুভর অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত জানা গেছে এই চরিত্রে অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী। সত্যজিৎ রায় ১৯৫৯-এর ‘অপুর সংসার’-এ ‘অপু ট্রিলজি’ শেষ করেছিলেন। এবার সেখান থেকেই শুরু হবে ‘অভিযাত্রিক’। ছবিতে অপু এবং তার সন্তানের সম্পর্কটাকে নতুন করে দেখানো হবে। ৬০ বছর পর বড়পর্দায় ফিরে আসবে অপু। ‘অভিযাত্রিক’-এর শ্যুটিং হবে ভারতের বেশ কয়েকটি জায়গায়। ছবিটি সাদাকালোতে নির্মাণ করা হবে যেন দর্শকরা ছবির আসল স্বাদ পান। ৪০-এর দশকের ভারত দেখানো হবে ছবির পর্দায়।
ছবিতে অপুর বন্ধুর চরিত্রে সব্যসাচী চক্রবর্তী, লীলা চরিত্রে অর্পিতা চট্টোপাধ্যায়, নুদি চরিত্রে শ্রীলেখা মিত্র, অপর্ণা চরিত্রে দিতিপ্রিয়া রায়, রানুর বড় বোনের চরিত্রে সোহাগ সেন অভিনয় করছেন। পোশাক ডিজাইন করবেন অগ্নিমিত্র পাল। মিউজিকে থাকছেন বিক্রম ঘোষ। গানগুলো হবে ৩০-এর দশকের মতো। কিছু ফোক গানও থাকবে ছবিতে।
