আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ শেষ হলো কিছুদিন আগে। এবার তরুণ ক্রিকেটারদের জন্য আরেকটি সিরিজ অপেক্ষা করছে। বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ইমার্জিং দল। বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে তিন ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচের সিরিজ খেলবে তারা। তিন সপ্তাহের সফরে আগামী ১৬ আগস্ট দেশে পা রাখবে শ্রীলঙ্কার ইমার্জিং দল।
১৯ আগস্ট প্রথম এক দিনের ম্যাচটি হবে বিকেএসপিতে। একই ভেন্যুতে ২১ আগস্ট দ্বিতীয় এক দিনের ম্যাচটিও হবে। সিরিজের শেষ এক দিনের ম্যাচ ২৪ আগস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। লম্বা দৈর্ঘ্যরে সিরিজ শুরু হবে খুলনা থেকেই। প্রথম চার দিনের ম্যাচ মাঠে গড়াবে ২৭ আগস্ট। দ্বিতীয় চার দিনের ম্যাচটি হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ সেপ্টেম্বর থেকে। সফর শেষে ৭ সেপ্টেম্বর ফিরে যাবে লঙ্কানরা।
পরপর দুটি সিরিজ পেয়ে বেশ খুশি এইচপি দলের কোচ সিমন হেলমট। অনূর্ধ্ব-২৩ পর্যায়ে এমন আরও সিরিজ চান তিনি, ‘সামনের সিরিজটি নিয়ে আমি খুব রোমাঞ্চিত। এই দলের কয়েকজন আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলেছে। শেষ দুই ম্যাচে ওরা ভালো করেছে। এই দলটিই বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইন। তারা বাংলাদেশের ভবিষ্যৎ। আমি আশা করি এমন অনূর্ধ্ব-২৩ পর্যায়ে আরও সিরিজ আসবে যেন এই ছেলেরা আন্তর্জাতিক পর্যায়ের জন্য তৈরি হতে পারে।’
সুপার কাপ পিএসজির
ফরাসি সুপার কাপ জিতল পিএসজি। গতকাল চীনের শিনঝেন উইনিভার্সাইড স্পোর্টস সেন্টার মাঠে পিএসজি ২-১ গোলে হারিয়েছে রেনেকে। ম্যাচের ১৩ মিনিটে আদ্রিয়েন হনুর গোলে এগিয়ে যায় রেনে। বিরতির পর ৫৭ মিনিটে পিএসজিকে খেলায় ফেরান কিলিয়ান এমবাপে। ৬৭ মিনিটে হেরেরার বদলে মাঠে নামেন আর্জেন্টাইন অ্যাঞ্জেল ডি মারিয়া। এর ছয় মিনিট পর বাঁ-পায়ের জোরালো ফ্রি কিকে গোল করেন ডি মারিয়া।
