ডেঙ্গু চিকিৎসায় পার্টি অফিসে ক্যাম্প করবে বিএনপি

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০২:৩২ এএম

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি অস্থায়ী ক্যাম্প খোলা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বিএনপি মহাসচিব এ সময় সরকারি-বেসরকারি সব হাসপাতালে ডেঙ্গুজ¦রের পরীক্ষা বিনামূল্যে করার  উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ ডেঙ্গু নিয়ে অনেক বিপাকে। আর সরকার এটা নিয়ে লেজেগোবরে পরিস্থিতি তৈরি করেছে। সিটি করপোরেশন বলছে এক কথা, স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আরেক কথা। কিন্তু কাজের বেলায় কিছুই হচ্ছে না। ডেঙ্গু আক্রান্তরা নিজ উদ্যোগেই চিকিৎসা করাচ্ছেন অভিযোগ করে তিনি বলেন, সরকার এতে কোনো ভূমিকা রাখছে না। উল্টো সরকারের পক্ষ থেকে দেশের বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এটা বাতিল করে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, রাজধানীর কোনো হাসপাতালই এখন খালি নেই। সবই ডেঙ্গু রোগী ভর্তি। হাসপাতালে জায়গা না পেয়ে তারা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই ডেঙ্গু রোগীদের জন্য রাজধানীতে অস্থায়ী মেডিকেল ক্যাম্প গঠন করা হোক। এ সময় তিনি ঢাকার সব কমিউনিটি সেন্টারকে অস্থায়ী ক্যাম্প হিসেবে ব্যবহার করার পরামর্শ দেন। মির্জা ফখরুল বলেন, আমাদের দলের পক্ষ থেকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য একটি অস্থায়ী ক্যাম্প করা হবে। বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদস্যরা এটা পরিচালনা করবেন।

বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত