ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের আমন্ত্রণে ক্লাস নেবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি সম্মান শেষ বর্ষের ‘ইভোল্যুশন অ্যান্ড আর্থস বায়োস্ফিয়ার’ বিষয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে আজ থেকে ক্লাস নেবেন। একই সঙ্গে বিভাগটি পরিচালনাও করবেন। এর আগে তিনি জাহাঙ্গীরনগর, নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ক্লাস নিয়েছেন।
এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে পিএইচডি করা হাছান মাহমুদ কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সÑ এই তিন বিষয়ে মাস্টার্স শেষ করেন। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। পরবর্তী সময়ে ব্রাসেলসের ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে ভিজিটিং ফেলো এবং অ্যাকাডেমিক বোর্ড মেম্বার হিসেবেও কাজ করেন তিনি। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড ও কর্নেল ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমন্ত্রিত বক্তা হিসেবে পরিবেশবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে অভিভাষণ দিয়েছেন ড. হাছান।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ দলটির পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সরকারের পরিবেশমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। একাদশ সংসদ নির্বাচনের পর থেকে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন।
