জঙ্গি হামলার আশঙ্কায় বন্ধ হয়ে দেওয়া হয়েছিল ভারতের অমনাথের তীর্থযাত্রা। পর্যটক ও পুণ্যার্থীদের অবিলম্বে জম্মু-কাশ্মীর ছেড়ে যাওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছিল। এবার দ্রুতই ইরফান পাঠানকে জম্মু-কাশ্মীর ছাড়ার অনুরোধ করা হয়েছে ভারত সরকারের নিরাপত্তা পরামর্শক দলের পক্ষে।
ভারতের সাবেক পেসার ইরফান পাঠান জম্মু-কাশ্মীর ক্রিকেট দলের সঙ্গে খেলোয়াড় ও মেন্টর হিসেবে রয়েছেন। পাঠান ছাড়াও দলটির সঙ্গে যুক্ত অন্য সাপোর্ট স্টাফ যারা রাজ্যের বাইরে তাদেরও একই পরামর্শ দেওয়া হয়েছে। দলটিতে কোচ হিসেবে আছেন মিলাপ মেওয়াদা, ট্রেনার সুদর্শন ভিপি।
জম্মু-কাশ্মীর ক্রিকেট বোর্ডের সিইও সৈয়দ আশিক হুসেইন বুখারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “জম্মু-কাশ্মীরের ক্রিকেট একাডেমি পাঠান সহ বাকি সাপোর্ট স্টাফদেরও কাশ্মীর ছেড়ে যেতে বলেছে। রবিবারেও তারা উপত্যকা ছাড়ছে। যে সমস্ত নির্বাচকেরা এই এলাকার নন, তাদেরও পাঠিয়ে দেওয়া হচ্ছে।’’
ভারতের ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে সামনে। ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। এরপর বিজয় হাজারে ট্রফি রয়েছে। রঞ্জি শুরু হবে ৯ ডিসেম্বর। তার আগে এমন পরিস্থিতি জম্মু-কাশ্মীর ক্রিকেটের বড় ক্ষতি করতে পারে বলে মনে করা হচ্ছে।
