স্বামীদের কোচ হিসেবে পেলেন শাপলা-এলিনা

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১০:৫১ পিএম

১৩তম এসএ গেমসের জন্য ক্যাম্পে ডাকা হলেও খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন দেশ সেরা দুই নারী শাটলার শাপলা আক্তার ও এলিনা সুলতানা। ফেডারেশনের নিয়োগ দেওয়া তিন কোচের মধ্যে দুজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন শাপলা ও এলিনা।

বিষয়টি নিয়ে সমাধানে পৌঁছেছে ব্যাডমিন্টন ফেডারেশন। শাপলা ও এলিনার স্বামীদের নিয়োগ দেওয়া হয়েছে নতুন কোচ হিসেবে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির কাছে চিঠি দিয়ে গৌতম চন্দ্র পাল ও মারুফ আলমকে জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরিয়ে পরীক্ষিত এবং সফল কোচদের হাতে জাতীয় দল তুলে দেওয়ার অনুরোধ জানিয়ে ছিলেন শাপলা ও এলিনা।

দুই শাটলারের সেই দাবিই মেনে নিয়েছে ফেডারেশন। নতুন করে নারী দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক দুই শাটলার- ওহিদুজ্জামান রাজু ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এনায়েত উল্লাহ খান। রাজু হলেন শাপলা স্বামী আর এনায়েত হলেন এলিনা সুলতানার স্বামী।

তবে এভাবে এনায়েত ও রাজুকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। অন্যদিকে কোচ মারুফ আলম ও গৌতম চন্দ্রকে নারী দল থেকে সরিয়ে পুরুষ দলের দায়িত্ব দেওয়া হয়েছে।

সভাপতির নির্দেশে এমনটা করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

শাপলা ও এলিনার দাবি অবশ্য তাদের স্বামীদের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হোক এমন ছিল না। এলিনা সুলতানা নিজেও ব্যাডমিন্টন এশিয়ার লেভেল-২ কোচ। শাপলা লেভেল-১ কোচিং কোর্স করেছেন অনেক দিন আগে। অথচ তাদের কোচ হিসেবে যে দুজনকে আগে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই গৌতম ও মারুফ দুজনেরই শীর্ষ পর্যায়ে কোচিং করানোর তেমন কোনো অভিজ্ঞতা ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত