খুনের মামলায় জামিন পেয়ে হজে গেলেন রানা

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০১:৫৫ এএম

দুই হত্যা মামলার আসামি ও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানা সর্বোচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার ২৫ দিনের মাথায় হজ করতে সৌদি আরব গেছেন। গতকাল রবিবার দুপুর ২টার ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। বেশ কয়েকবার হজ পালন করা রানা বিভিন্ন পোস্টারে নিজের নামের আগে ‘আলহাজ’ শব্দটি ব্যবহার করেন। বিমানবন্দরে হাজির পোশাকে রানার ছবি ফেইসবুকে পোস্ট করে স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী লিখেছেন, ‘২টার ফ্লাইটে পবিত্র হজ করার জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন। আলহাজ আমানুর রহমান খান (রানা) ভাই, সাবেক এমপি. ১৩২ টাঙ্গাইল. ৩. ঘাটাইল।’

ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মী দেশ রূপান্তরকে বলেন, সাবেক এমপি রানা আগেও চার-পাঁচবার হজ করেছেন। বিভিন্ন জনসভায় তিনি প্রায়ই বলতেন যে, হজের সঙ্গে সম্পৃক্ত মক্কা ও মদিনার বড় মসজিদগুলোতে নামাজ আদায় করেছেন তিনি।

২০১২ সালের ১৬ জুলাই টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের নেতা শামীম ও মামুন মোটরসাইকেলে করে শহরে গিয়ে নিখোঁজ হন। পরদিন শামীমের মা আছিয়া খাতুন সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ২০১৩ সালের ৯ জুলাই নিখোঁজ মামুনের বাবা টাঙ্গাইলের আদালতে হত্যা মামলা করলে তদন্ত করে একই বছরের ২১ সেপ্টেম্বর মামলাটি তালিকাভুক্ত করে পুলিশ। পরে এ মামলায় গ্রেপ্তার খন্দকার জাহিদ, শাহাদত হোসেন ও হিরণ মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ হত্যার ঘটনায় রানার নাম উঠে আসে।

অন্যদিকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদকে গুলিবিদ্ধ অবস্থায় কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন। প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে মামলাটির তদন্তভার দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশের কাছে। তদন্ত শেষে ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি রানা এবং তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

দীর্ঘদিন গ্রেপ্তার এড়ানোর পর ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তখনকার এমপি রানা। কিন্তু বিচারক জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সর্বোচ্চ আদালতের রায়ে গত ৯ জুলাই জামিনে মুক্তি পান রানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত