ঈদ উপলক্ষে ‘বাড়তি ভাড়া’ নেওয়ায় কয়েকটি বাস কোম্পানিকে জরিমানার পর চট্টগ্রাম থেকে ঢাকাসহ সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়ার ৪ ঘণ্টা পর গতকাল রবিবার রাত ১০টার দিকে পুনরায় চালু করেছেন মালিকরা।
এর আগে গতকাল দুপুরে চট্টগ্রামের বিআরটিসি মোড়ে অভিযান চালিয়ে ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়ায় হানিফ পরিবহনের কাউন্টার পরিচালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর অলংকার মোড় ও ভাটিয়ারির দূরপাল্লার বাস কাউন্টারগুলোতেও অভিযান চালানো হয়। একই অপরাধে অপর দুটি পরিবহনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত এসব জরিমানা করার পর রাতে আন্তঃজেলা বাস মালিক সমিতির সভা শেষে বাস না চালানোর ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির পক্ষে যুক্তি দিয়ে সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, ঈদের আগে আমরা কখনো বাস না চালানোর সিদ্ধান্ত নিতে চাই না। এতে মানুষের দুর্ভোগ হয়। আমরা বাস মালিকরা অন্য সময়গুলোতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় যাত্রী পরিবহন করে থাকি। কিন্তু ঈদ এলে আমরা সরকার নির্ধারিত ভাড়া আদায় করে থাকি। কিন্তু এই ভাড়াকেই বাড়তি ভাড়া হিসেবে দেখানো হচ্ছে। আমরা ন্যায্য ভাড়া আদায়ের সুযোগ চাই। এই সুযোগ দিলেই যেকোনো সময় বাস ছাড়া হবে।
অভিযান প্রসঙ্গে বিআরটিএর ম্যাজিস্ট্রেট মনজুরুল হক বলেন, বিআরটিসি মোড়ে হানিফ পরিবহনের কাউন্টার থেকে দিনাজপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যের জন্য সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হচ্ছে একাধিক যাত্রীর কাছে এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়।
