সিরাজগঞ্জে দুই সন্তানের মাকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০২:২৩ এএম

তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দীঘি সগুনা গ্রামের দুই সন্তানের জননী রেশমা খাতুনকে (২৮) গতকাল রবিবার দুপুরে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রেশমা খাতুন তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের লালুয়ামাঝিড়া গ্রামের মৃত জসমত আলীর মেয়ে ও দীঘি সগুনা গ্রামের মৃত রমজান আলীর ছেলে নজরুল ইসলামের স্ত্রী। তার মা খায়রুন নেছা অভিযোগ করে বলেন, প্রথম স্ত্রী থাকার কথা গোপন রেখে নজরুল ইসলাম চার বছর আগে প্রেম করে রেশমাকে বিয়ে করে। বিয়ের পর পোশাককর্মী রেশমার গচ্ছিত মোটা অঙ্কের টাকা নজরুল নিয়ে নেয়। পরে আরও টাকার জন্য নজরুল তার মেয়েকে প্রায়ই মারধর করত। বিষয়টি নিয়ে একাধিক বার পারিবারিকভাবে সালিস বৈঠক করে সমাধানও করা হয়েছে।

এ নিয়ে গতকাল দুপুরে নজরুলের সঙ্গে রেশমার আবারও ঝগড়া-বিবাদ হয়। এর একপর্যায়ে তাকে পিটিয়ে হত্যার পর গলায় ওড়ানা পেঁচিয়ে লাশ ঝুলিয়ে রেখে তা আত্মহত্যার বলে প্রচার করে।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত