মশার ওষুধ পরীক্ষায় সাত সদস্যের কমিটি

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০২:২৩ এএম

মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত কীটনাশক (লার্ভিসাইড ও এডালটিসাইড) প্রয়োগের আগে এর কার্যকারিতা এবং তা মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর কি না নিশ্চিত করতে সাত সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গতকাল রবিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব (সিটি করপোরেশন-১ শাখা) মো. এমদাদুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। সাত সদস্যের এ কমিটিতে অতিরিক্ত সচিবকে (নগর উন্নয়ন) আহ্বায়ক ও উপসচিবকে (সিটি করপোরেশন-১ শাখা) সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেনÑ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (উদ্ভিদ সংরক্ষণ উইং) প্রধান রসায়নবিদ, স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর টেকনিক্যাল অ্যাডভাইজর ও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণার ইনস্টিটিউটের প্রতিনিধি।

অফিস আদেশে বলা হয়, এ কমিটি বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত কীটনাশক (লার্ভিসাইড ও এডালটিসাইড) নির্বাচন, সঠিক মাত্রা নির্ধারণ এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা করে গুণগত মান নিশ্চিত করবে। লার্ভিসাইড ও এডালটিসাইড মানবদেহ, অন্যান্য কীটপতঙ্গ, মাছ ও জলজপ্রাণী এবং সামগ্রিকভাবে পরিবেশের জন্য ক্ষতিকর নয়Ñ এ কমিটি তা নিশ্চিত করবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত