নির্মাণের আগেই ভেঙে পড়ল সেতুর গার্ডার

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০২:২৪ এএম

জেলা শহরের ধোপাঘাটা এলাকায় নির্মাণাধীন সেতুর গার্ডার (বেষ্টন) ভেঙে পড়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ১৫ শ্রমিক। গতকাল রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নির্মাণকারী প্রতিষ্ঠান মনিকা লিমিটেডের দাবি, তাদের কাজে কোনো ত্রুটি নেই। এলাকাবাসী জানায়, দুপুরে সেতুর মাঝখানের গার্ডার সরানোর কাজ চলছিল। এ সময় বিকট শব্দ শুনে সেখানে গিয়ে দেখে যায়, দক্ষিণপাশের্^র গার্ডার ভেঙে নদীর মধ্যে পড়ে রয়েছে। এতে কেউ হতাহত হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, জাইকার অর্থায়নে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীনে প্রায় ১২০ কোটি টাকায় সেতুটি নির্মাণ হচ্ছে। মনিকা লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান কাজটি করছে। দেড় বছর ধরে পাইলিং ও মাটি ভরাটের কাছ শেষে এখন দুই পাশে গার্ডার দেওয়ার কাজ চলছিল।

কাজে কোনো ত্রুটি ছিল না দাবি করে মনিকা লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক আবদুস সালাম বলেন, ‘স্থানান্তর করার সময় অসাবধানবশত গার্ডার দুটি নিচে পড়ে যায়। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এ কাজের দেখভাল করি না। ঢাকার একটি প্রজেক্টের মাধ্যমে কাজটি হচ্ছে। তাদের একটি অফিস যশোরে আছে। তাদের সঙ্গে যোগাযোগ করুন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত