গেইলকে ছাড়িয়ে ‘ছক্কার রাজা’ এখন রোহিত

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১০:২১ এএম

ক্রিস গেইল নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ছক্কার মালিক এখন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন ‘হিটম্যান’ খ্যাত রোহিত।

ফ্লোরিডার লাউডারহিলে ৫১ বলে ৬৭ রানের ইনিংস খেলতে ৬টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান রোহিত। তাতেই গেইলের ১০৫টি ছক্কাকে টপকে যান রোহিত। ১০৭ ছক্কা হাঁকিয়ে সবার ওপরে এখন ভারতীয় ওপেনার।

দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরুর আগে এই রেকর্ড গড়তে ৪টি ছক্কা প্রয়োজন ছিল রোহিতের। ক্রিস গেইল টি-টোয়েন্টি সিরিজটিতে খেলছেন না। তাই ভালো সুযোগ ছিল তার সামনে।

প্রথম ম্যাচে ২৪ রানের ইনিংস খেলার পথে ২টি ছক্কা হাঁকান রোহিত। রবিবার তাই দুটি ছক্কা প্রয়োজন ছিল তার। মেরেছেন তিনটি। এই রেকর্ডে তৃতীয় স্থানে আছেন এখন মার্টিন গাপটিল। তার ছক্কার সংখ্যা ১০৩টি। টি-টোয়েন্টিতে এই তিন (রোহিত, গেইল, গাপটিল) ছাড়া ১০০ ছক্কা নেই কারো।

রোহিতের এই কীর্তির দিনে এক ম্যাচ হাতে থাকতে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিকও এখন রোহিত। ৯৬ ম্যাচে ৮৮ ইনিংসে ২৪২২ রান নিয়ে চূড়ায় রয়েছেন রোহিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত