দেশেই বিদ্যুৎ সাশ্রয়ী গ্লোবাল স্ট্যান্ডার্ড এয়ার কন্ডিশনার বা এসি, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য তৈরি করছে ওয়ালটন। ‘মেড ইন বাংলাদেশ’ লেবেলযুক্ত সেসব পণ্য সাশ্রয়ী মূল্যে বিশ্ব ক্রেতাদের হাতে তুলে দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে এসি রপ্তানি শুরু করেছে ওয়ালটন।
এ উপলক্ষে রবিবার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসের সম্মেলন কক্ষে ‘ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সপোর্ট টু ইয়েমেন’ শীর্ষক এক সেলিব্রেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। কেক কাটার মধ্য দিয়ে ইয়েমেনে এসি রপ্তানির সাফল্য উদ্যাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর ইভা রিজওয়ানা, এসএম জাহিদ হাসান, মো. হুমায়ুন কবীর, নজরুল ইসলাম সরকার, মোহাম্মদ রায়হান, মো. তানভীর রহমান ও সিরাজুল ইসলাম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম ও শাহজাদা সেলিম, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর খোন্দকার শাহরিয়ার মুরশিদ, এসি বিভাগের চিফ অপারেটিং অফিসার (সিওও) প্রকৌশলী ইসহাক রনি, ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) শাখার এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের প্রধান রকিবুল ইসলাম রাকিব, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান প্রমুখ।
ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম জানান, দেশের ইলেকট্রনিকস খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটনের মেইন ফোকাস এখন বিশ্ব বাজার। টার্গেট- ২০২৮ সালের মধ্যে এক বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করা। সে জন্য ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো উন্নত বিশ্বের বাজারকে গুরুত্ব দেয়া হয়েছে। সেসব দেশের চাহিদা অনুযায়ী গ্লোবাল স্ট্যান্ডার্ড ও মডেলের ফ্রিজ, টিভি, এসি ইত্যাদি পণ্য তৈরি করছে ওয়ালটন।
