ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া হলে রাজধানী অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন কলেজের শিক্ষার্থীরা। তারা বলেছেন, ‘অধিভুক্তি বাতিল হলে কঠোর আন্দোলন করা হবে। প্রয়োজনে শিক্ষার্থীরা সেশনজটের দুই বছরের হিসাব মাঠে দাঁড়িয়ে নেবে।’ গতকাল সোমবার বেলা ১১টায় ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সদরঘাট থেকে মহাখালী পর্যন্ত অবরোধ করে ঢাকা অচল করে দেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজের সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ক একেএম আবুবকর বলেন, ‘পূর্বপরিকল্পনা ছাড়াই ২০১৭ খ্রিস্টাব্দের ১৬ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্ত করা হয়। অধিভুক্ত হওয়ার পর থেকে নানাবিধ সমস্যা পরিলক্ষিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় সাত কলেজের শিক্ষার্থীরা দুই বছর সেশনজটে পড়েছে। এমতাবস্থায় গণতান্ত্রিক পন্থায় নিয়মতান্ত্রিক উপায়ে অ্যাকাডেমিক সমস্যা সমাধানের জন্য ৫ দফা দাবিতে আমরা আন্দোলন করেছি।
