ক’দিন আগেই জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ক্রিকেট বোর্ডের ওপর দেশটির সরকারের অযাচিত হস্তক্ষেপের কারণে এই সিদ্ধান্ত নেয় আইসিসি। যে কারণে আইসিসির কোনো ইভেন্টে অংশ নিতে পারবে না আফ্রিকার দেশটি।
এদিকে আগামী অক্টোবরে রয়েছে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। আর এ মাসেই শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। দুই আসরের জন্যই জিম্বাবুয়ের পরিবর্তে নতুন দেশের নাম জানিয়েছে আইসিসি। ছেলেদের বিশ্বকাপের বাছাই পর্বে খেলবে নাইজেরিয়া, আর মেয়েদের আসরে খেলবে নামিবিয়া।
ছেলেদের বিশ্বকাপ বাছাইয়ের আঞ্চলিক পর্বে আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করেছিল নাইজেরিয়া। মূল বাছাইয়ে ১৪তম দল হিসেবে সুযোগ পাচ্ছে দেশটি।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই। যেখানে নাইজেরিয়া ছাড়াও থাকবে আয়োজক সংযুক্ত আরব আমিরাত, হংকং, আয়ারল্যান্ড, জার্সি, কেনিয়া, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, সিঙ্গাপুর। বাকি দুটি দেশ আসবে আমেরিকা অঞ্চল থেকে।
মেয়েদের বাছাই পর্বে নামিবিয়া ছাড়াও খেলবে আয়োজক স্কটল্যান্ড, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
