টিভি নাটকে এখন যারা নিয়মিত অভিনয় করছেন তাদের মধ্যে অন্যতম তানজিন তিশা। গ্ল্যামার দিয়ে ক্যারিয়ারের অল্প সময়ে নির্মাতা, সহশিল্পী ও তরুণ দর্শকের আস্থা তৈরি করেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমি দর্শকের জন্যই কাজ করি। আমি মনে করি দর্শকরাই শিল্পীকে বাঁচিয়ে রাখে। দর্শক যাকে চায় নির্মাতারা তাকে নিয়েই কাজ করেন। আমি দর্শকদের কাছে
কৃতজ্ঞ তারা আমাকে ভালোবাসেন। আমার অভিনয় পছন্দ করেন। তাদের প্রত্যাশা পূরণের জন্য সব সময় ভালো কাজ করব।’
ভালো কাজের বিকল্প অন্য কিছু হতে পারে না। এই সময়ে টিভি নাটকে আগের মতো গল্প নেই বলে অনেকে বলে থাকেন। তানজিন তিশার মন্তব্য কী? তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সব কিছুর একটা পরিবর্তন আসে। আগে আমাদের এক ধরনের গল্প নিয়ে নাটক তৈরি হতো। এখন কিন্তু অনেক ধরনের গল্প নিয়ে নির্মাতারা কাজ করেন। প্রেম ভালোবাসার বাইরেও সমসাময়িক গল্প নিয়ে নির্মাতাদের অনেকেই নাটক নির্মাণ করেন। তবে আমাদের নাটকে এখন বড় সমস্যা বাজেট। পর্যাপ্ত বাজেট না থাকায় অনেক সময় ভালো নাটকও স্বল্প সময়ের মধ্যে নির্মাণ শেষ করতে বাধ্য হন পরিচালক। ফলে দেখা যায় নাটকের মান পড়ে গেছে।’
এ সময়ের টিভি নাটকে কী কী অসংগতি রয়েছে? ‘আমি একজন অভিনয় শিল্পী। আমি নিয়মিত অভিনয় করতে চাই। টিভি নাটক অনেক বড় একটি মাধ্যম। এখানকার অসংগতিগুলো নিয়ে আমার চেয়ে বেশি সিনিয়র শিল্পীরা ভালো বলতে পারবেন। কারণ এই মাধ্যমে আমার সময় খুব বেশি না।’Ñ বললেন তিশা।
এখন ঈদের নাটকের শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গেল ঈদে ২৫টি নাটকে অভিনয় করেছিলেন। এবার ঈদে সংখ্যা কত হবে? তিশা বলেন, ‘আমি এখনো জানি না কতগুলো নাটক ঈদে প্রচার হবে। তবে বেশ কিছু নাটকের কাজ শেষ করেছি। তাহসান, অপূর্ব, নিশোসহ অনেকের সঙ্গে দর্শক আমাকে দেখবেন। রোজার ঈদের পর কোরবানি ঈদের জন্য সময় কম পাওয়া যায়। সেই কারণে খুব বেশি কাজ করা হয়ে ওঠে না।’ নিজের অভিনয়ে আপনি তুষ্ট কিনা জানতে চাইলে তিশা বলেন, ‘আমি এখন অভিনয়ে অনেক বেশি সিরিয়াস। দর্শকের কাছে যে ভালোবাসা পাই তাতে আমার আরও ভালো করা প্রয়োজন বলে মনে করি। নিজেকে একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে দেখতে চাই। সব সময় চ্যালেঞ্জিং কিছু করতে চাই। একজন শিল্পী যখন নানা চরিত্রে কাজ করার সুযোগ পায় তখনই সে নিজেকে নানাভাবে আবিষ্কার করতে পারে। নিজেকে ভেঙে আবার গড়তে পারে। আমি আশা করি নির্মাতারা আমাকে বৈচিত্র্যময় চরিত্রে কাজ করার সুযোগ দেবেন।’
তিশাকে বেশিরভাগ নাটকে আফরান নিশোর সঙ্গেই দেখা যায়। তবে তিনি কোন অভিনেতার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন? উত্তরে তিশা বলেন, ‘গল্পের প্রয়োজনে যে কারও সঙ্গে আমি অভিনয় করতে প্রস্তুত আছি। তবে ‘আফরান নিশো আর অপূর্বর সঙ্গে যে নাটকগুলো করি তাতে ইউটিউব ভিউ বা সাড়া বেশি পাই। তাতে বুঝতে পারি দর্শক হয়তো এই দুজনের বিপরীতে আমাকে বেশি দেখতে চায়।’ ছোট পর্দায় অনেক ভালো কাজ করলেও এখন বড় পর্দার প্রতি কোনো আগ্রহ নেই তিশার। কারণ এর আগে কয়েকবার চলচ্চিত্রে অভিনয়ের জন্য কোমর বেঁধে নামলেও ভাগ্যদেবী সুপ্রসন্ন হয়নি। তাই চলচ্চিত্র নিয়ে তার হতাশা বা বিতৃষ্ণার জায়গা থেকেই হয়তো নাটকেই থিতু হয়েছেন।
তিশা বলেন, ‘চলচ্চিত্র অনেক বড় জায়গা। এর জন্য অনেক প্রস্তুতিও দরকার। যা এই মুহূর্তে আমার নেই। আরও প্রস্তুত হতে চাই। তাছাড়া যে মাধ্যমেই কাজ করি না কেন, দর্শকের ভালোবাসাই মুখ্য। সেটি আমি নাটক থেকে পাচ্ছি।’২
