পুঁজিবাজারে আসছে বি-আর পাওয়ারজেন

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০৩:৫২ এএম

বিদ্যুৎ উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বি-আর পাওয়ারজেন লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে। কোম্পানিটি প্রকল্প ঋণপ্রাপ্তির শর্ত হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার কোম্পানির প্রকল্প ঋণ প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পুঁজিবাজারে আসার ওই শর্ত দেন, যা সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়েছে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ও রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত বি-আর পাওয়ারজেন লিমিটেড। বর্তমানে গাজীপুরের কড্ডায় ১৫০ মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিচালনা করছে বি-আর পাওয়ারজেন। কোম্পানিটি চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে সরকারি তহবিলে প্রায় ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরেকটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে, যা ২০২০ সালে বাণিজ্যিক উৎপাদনে আসবে। এছাড়া শ্রীপুরে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রকল্পের কাজ চলছে। ২০১৭-১৮ অর্থবছরে বি-আর পাওয়ারজেনের রেভিনিউ ছিল ৯২৯ কোটি ৯৪ লাখ টাকা। এতে কোম্পানির নিট মুনাফা হয় ১২১ কোটি ৬৬ লাখ টাকা। কোম্পানির ১ হাজার ৫৮৫ কোটি টাকার সম্পদ রয়েছে।

শ্রীপুরে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটি বাস্তবায়নের জন্য গতকাল  শেরেবাংলা নগরে অনমনীয় ঋণবিষয়ক কমিটির (স্ট্যান্ডিং কমিটি অন নন-কনসেশনাল লোন) ২৭তম সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভাটির আলোচ্য বিষয় ছিল শ্রীপুর ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এইচএফওভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নের জন্য ঋণ গ্রহণ প্রস্তাব অনুমোদন। গাজীপুর  জেলা ও পাশের ময়মনসিংহ জেলার ক্রমবর্ধমান শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে এ প্রকল্পটি গ্রহণ ও সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।

গতকালের সভায় বি-আর পাওয়ারজেনকে পুঁজিবাজারে শেয়ার ছাড়তে ও অর্থ মন্ত্রণালয় থেকে কোম্পানির আর্থিক তারল্য সনদ নেওয়ার শর্তে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পটির ঋণ গ্রহণ প্রস্তাব অনুমোদন করেন। সভায় অর্থমন্ত্রী বলেন, এর মাধ্যমে দীর্ঘদিন প্রতীক্ষিত সরকারি কোম্পানির শেয়ার পুঁজিবাজারে আসতে শুরু করবে। এভাবেই ধীরে ধীরে সরকারি কোম্পানির শেয়ার পুঁজিবাজারে চাহিদা মোতাবেক আসতে থাকবে বলে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন। বি-আর পাওয়ারজেন লিমিটেড একটি সরকারি লাভজনক কোম্পানি। এতে করে সাধারণ বিনিয়োগকারীরা একটি সরকারি লাভজনক কোম্পানির বিনিয়োগের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন। জার্মানভিত্তিক ঋণদানকারী প্রতিষ্ঠান কেএফডব্লিউ আইপিএক্স ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করা হবে। শ্রীপুরের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র প্রকল্পটি আগামী ২০২১ সালের মার্চে সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। তিন বছরের প্রাপ্যতা সময়কাল (গ্রেস পিরিয়ড) বিবেচনায় ২০২৩-২৪ অর্থবছর থেকে ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে। এ প্রকল্পটিতে ২০২০ সালের জানুয়ারিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হলে কোম্পানিটির মুনাফা বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত