জাতীয় পর্যায়ে ডেঙ্গুকে মহামারী ঘোষণা করেছে ফিলিপাইন। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৬শ’র বেশি মানুষের প্রাণহানির পর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে এএফপি।
গত জুলাইতে ‘জাতীয় ডেঙ্গু সতর্কতা’ জারি করেছিল ফিলিপাইন। প্রতি তিন-চার বছর পর পর ফিলিপাইনে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। দেশটিতে সর্বশেষ প্রাদুর্ভাব দেখা গিয়েছিল ২০১৬ সালে। আর এবার বছরের শুরু থেকে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব।
ফিলিপাইনের স্বাস্থ্যমন্ত্রী ফ্রানসিস্কো দুকু এক বিবৃতিতে বলেছেন, ‘সারা দেশে মহামারী ঘোষণা করার কারণ হলো, যেন কোন এলাকায় সাহায্য বেশি দরকার সেটি চিহ্নিত করা যায়। স্থানীয় সরকারবিষয়ক ইউনিটগুলোকে সক্রিয় করা দরকার, যাতে করে মহামারী চলাকালীন জরুরি তহবিল ব্যবহার করা যায়।’
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত কমপক্ষে ১ লাখ ৪৬ হাজার আক্রান্ত শনাক্ত হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯৮ শতাংশ বেশি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬২২ জন। এ পরিস্থিতিতে ফিলিপাইনজুড়ে মহামারী ঘোষণা করা হয়েছে।
মন্ত্রণালয় বলছে, মহামারী ঘোষণা করায় জরুরিভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন এমন জায়গাগুলো শনাক্ত করতে স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য সুবিধা হবে। দেশটির সাতটি অঞ্চলে তিন সপ্তাহের ব্যবধানে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। পশ্চিমা ভিসায়াতে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে। সেখানে ২৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়। এ ছাড়াও ক্যালবার্জন, জামবোঙ্গা উপদ্বীপ এবং উত্তর মিন্দানাওতে প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
