স্কুল-কলেজ-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয়সহ সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক কর্র্তৃক ছাত্রীদের বা শিক্ষিকাদের যৌন হয়রানির প্রতিরোধ ও এই অভিযোগের দ্রুত তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছে স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীর অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। গতকাল বুধবার ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানিয়ে বলেন, বিচারহীনতার সংস্কৃতিসহ বহুবিদ নেতিবাচক উপাদানের প্রভাবে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক কর্র্তৃক ছাত্রীদের যৌন হয়রানির মাত্রা, এর সংখ্যা ও বীভৎসতা দিন দিন বাড়ছে এবং এখন তা ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে। অথচ শাস্তি হচ্ছে না। অনেক ঘটনাই প্রভাবশালীরা বা স্কুল-কলেজ কর্র্তৃপক্ষ তদন্তের নামে ধামাচাপা দিচ্ছেন। ফলে অপরাধীরা শাস্তি না পেয়ে বেপরোয়া হয়ে পুনরাবৃত্তি ঘটাচ্ছে। ঘটনা এমন দাঁড়িয়েছে যে কিশোরী বা যুবতী কন্যাকে স্কুল-কলেজ-মাদ্রাসায় পাঠাতে অভিভাবকদের বুক ধড়ফড় করছে। ছাত্রীরা সম্ভ্রম হারিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। এ লজ্জাজনক ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না অভিভাবকরা।
