ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বৃষ্টির বাগড়ায় পুরো ম্যাচ হতে পারেনি। ভারতের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ৫.৫ ওভারে ২ উইকেটে ১৯ রান করতেই ম্যাচ পরিত্যক্ত হয়।
সিরিজে আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও ভারত। ১১ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল। তার আগে শুক্রবার ইংল্যান্ড যুবাদের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে পড়ে ভারত। ৩৩ রান তুলতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। তবে সেই চাপ সামলে লড়াইয়ের পুঁজি গড়ে দলটি। অধিনায়ক শুভং হেগড়ে সর্বোচ্চ ৬৯ রান করেন। ৪৪ রান করেন শামির রিজভি।
বাংলাদেশের যুবাদের পক্ষে ৩টি করে উইকেট নেন শরিফুল ইসলাম, অভিষেক দাস ও শামিম হোসেন। জবাব দিতে নেমে বেশ চাপে পড়েছিল যুবা টাইগাররা। দলীয় ৩ রানেই বিদায় নেন ওপেনার তানজিদ হাসান। দলীয় ১২ রানে ফেরেন প্রান্তিক নওরোজ নাবিল। খেলা পণ্ড হওয়ার আগে পারভেজ হোসেন ইমন ৪ ও তৌহিদ হৃদয় ৭ রানে অপরাজিত আছেন।
