রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ফোনের মাসিক লাইনরেন্ট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বিটিসিএল টু বিটিসিএল ১৫০ টাকা ফ্ল্যাট রেট করার সিদ্ধান্ত হয়। আগামী ১৬ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে বুধবার মন্ত্রণালয়ে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এই টাকায় (১৫০) সারা মাস যত মিনিট ইচ্ছা কথা বলা যাবে।
বর্তমানে বিটিসিএলের ফোনে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে মাসিক লাইনরেন্ট ১৬০ টাকা এবং অন্য জেলা শহরে ১২০ টাকা। আর উপজেলায় ৮০ টাকা। এ ছাড়া বিটিসিএল থেকে বিটিসিএলে কলরেট সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতি মিনিট ৩০ পয়সা এবং বাকি সময় ১০ পয়সা।
কমানো হয়েছে বিটিসিএল থেকে অন্য অপারেটরে কলরেটও। এই কলরেট ৮০ পয়সা থেকে কমিয়ে প্রতি মিনিট ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে সভায়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় মন্ত্রী বিটিসিএলকে জনবান্ধব এবং লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতা, নিষ্ঠা এবং সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
