স্বার্থ সংঘাতে এবার দ্রাবিড়কে চিঠি

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০১:২৮ এএম

স্বার্থ সংঘাতের প্রশ্নে এর আগে সৌরভ গাঙ্গুলি, শচিন টেন্ডুলকার এবং ভিভিএস লক্ষণকেও চিঠি পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার একই কারণে তারা রাহুল দ্রাবিড়কেও চিঠি পাঠিয়েছে। এতেই ক্ষেপেছেন সৌরভ। টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটে নতুন ফ্যাশনÑ স্বার্থ সংঘাত। খবরে থাকার নতুন উপায়। ঈশ্বর মঙ্গল করুন ভারতীয় ক্রিকেটের। দ্রাবিড়কেও পাঠানো হলো স্বার্থ সংঘাতের চিঠি!’

ভারতীয় ক্রিকেট বোর্ডের এথিক্স অফিসার ডিকে জৈন (অবসরপ্রাপ্ত বিচারক) দ্রাবিড়কে চিঠির প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেন, ‘একটি অভিযোগ পাওয়ার পর গত সপ্তাহে চিঠি পাঠানো হয়েছে রাহুল দ্রাবিড়কে। দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছে রাহুলকে উত্তর দেওয়ার জন্য। ওর উত্তরের ওপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জয় গুপ্ত স্বার্থ সংঘাতের অভিযোগটি করেন। অভিযোগটি হলো- একই সঙ্গে জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) পরিচালক এবং ইন্ডিয়ান সিমেন্ট গ্রুপের ভাইস প্রেসিডেন্ট দ্রাবিড়। ইন্ডিয়ান সিমেন্ট গ্রুপ আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের মালিক, যা স্বার্থ সংঘাত। যা হোক দ্রাবিড়ের বিপক্ষে চিঠি দেওয়ায় ক্ষেপেছেন হরভজন সিংও। বলেছেন, ‘সত্যি নাকি? জানি না কোনদিকে এগোচ্ছে ভারতীয় বোর্ড। দ্রাবিড়ের থেকে ভালো মানুষ ভারতীয় ক্রিকেট পাবে না। এই কিংবদন্তিদের চিঠি পাঠানো মানে তাদের অপমান করা। ক্রিকেটের দরকার তাদের। সত্যি, ঈশ্বর মঙ্গল করুন ভারতীয় ক্রিকেটের।’ এই ডিকে জৈন স্বার্থ সংঘাতের কারণে চিঠি দিয়েছিলেন সৌরভ, শচিন এবং লক্ষণকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত