দুই-চার দিনের মধ্যে মশা নিধনের কার্যকর ওষুধ ঢাকায় এসে পৌঁছবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘মশার কার্যকর ওষুধ আমদানির প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলছে। যেই ওষুধে সত্যিকার
অর্থে মশক নিধন হবে, মানুষ চায় সেই ওষুধটা। আমরা লোক দেখানো কর্মসূচি পালন করে জনগণকে ভাঁওতা দিতে চাই না, প্রতারণা করতে চাই না।’
গতকাল বুধবার সকালে রাজধানীর মাজার রোডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুরুতে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু মোকাবিলায় জনগণকে সচেতন করতে ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ শিরোনামে এই কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।
ডেঙ্গু নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সফল হবেÑ এমন আশা প্রকাশ করে তিনি বলেন, ‘মানুষ আজ এই প্রাণঘাতী ডেঙ্গুজ্বর থেকে মুক্তি চায়। মানুষ আজ এডিস মশার উপদ্রব থেকে বাঁচতে চায়। মানুষের থেকে মশক শক্তিশালী নয়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। সমন্বিত উদ্যোগে এই প্রাণঘাতী মশক নিধনে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ইনশাল্লাহ আমরা সফল হব।’
তিনি বলেন, লন্ডন সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেঙ্গু নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, কারও ঘরের কাছে বা ঘরে যদি এ ধরনের পানি জমা থাকেÑ যেখানে এ ধরনের মশা তৈরি হচ্ছে; এ রকম আমরা যদি দেখতে পাই, তা হলে তাদের ফাইন করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করার ওপর গুরুত্ব দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের নেত্রীর নির্দেশনা অনুযায়ী যতদিন আমরা এই ডেঙ্গুজ্বর আর এডিস মশাকে নিয়ন্ত্রণে আনতে না পারব, ততদিন পর্যন্ত আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।’
নগরবাসীকে যার যার ঘর, ঘরের আঙিনা, যার যার কর্মস্থল, আশপাশের এলাকা, স্কুল-কলেজ ক্যাম্পাস এবং বিপণিবিতান পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে কাদের বলেন, এটাই হচ্ছে শেখ হাসিনার নির্দেশ। তিনি বলেন, আমাদের এই প্রোগ্রাম হচ্ছে; অ্যাকশন প্রোগ্রাম। এই অ্যাকশন শেখ হাসিনার অ্যাকশন, ডেঙ্গুবিরোধী অ্যাকশন, এডিস মশাবিরোধী অ্যাকশন। এটা সচেতনতামূলক একটা প্রোগ্রাম।
