বিবিসিকে সত্য কথা বলেননি প্রধানমন্ত্রী : ফখরুল

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০৪:১৬ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, দেশে নির্যাতন সরকারিভাবেই চলছে। যারাই সরকারবিরোধী মত পোষণ করেন তাদের ওপরে অত্যাচার-নির্যাতন আরও বেশি করে চালানো হয়। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিবিসি বাংলাকে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, পুলিশ হেফাজতে নির্যাতন সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘সত্যের অপলাপ’ মাত্র। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে প্রধানমন্ত্রী সত্য কথা বলেননি। গণমাধ্যমে দেশের মানবাধিকার সংগঠনগুলো যে রিপোর্ট  ছেপেছে তা দেশের জনগণ দেখেছে। এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টেও বিষয়গুলো উঠে এসেছে। তিনি দাবি করেন, প্রতি বছর দেশে জুডিশিয়াল কাস্টডিতে মৃত্যু হয়েছে ৪শ থেকে ৭শ। বিশেষ করে গত বছর ৪শ ওপর মানুষকে তথাকথিত বন্দুকযুদ্ধের নামে জুডিশিয়াল কাস্টডিতে হত্যা করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে পুলিশ হেফাজতে যে টর্চার হয় সেটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। গণমাধ্যমে সে টর্চারের ছবিও প্রকাশিত হয়েছে। কীভাবে ফ্যানের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা জনগণ দেখেছে। তিনি বলেন, সরকারবিরোধী অনেক নেতাকর্মীর পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছে। সে ছবিও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অথচ প্রধানমন্ত্রী সরাসরি অস্বীকার করেছেন। তার বক্তব্য সত্যের অপলাপ ছাড়া আর কিছুই নয়।

বিএনপি মহাসচিব বলেনÑ আজকে নতুন নয়, আগেও প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা সত্য অস্বীকার করেছেন। এ কারণে দেশের জনগণকে ভুগতে হয়েছে। ডেঙ্গু নিয়ে সিটি করপোরেশনের কর্মকর্তারা, তাদের মেয়ররা প্রথমদিকে তো কোনো গুরুত্বই দেননি। গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এখন দেখা যাচ্ছে ডেঙ্গু মহামারী আকারেই ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে প্রথমেই বলা হয়েছিল অবিলম্বে ডেঙ্গুকে আপৎকালীন সমস্যা হিসেবে চিহ্নিত করা হোক। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম। মির্জা ফখরুল বলেন, দুই দিন আমার শরীরে ব্যথা ছিল, আমি দুইবার টেস্ট করিয়েছি। এই বয়সে যদি ডেঙ্গু হয় তাহলে ভয়াবহ আকার ধারণ করবে।

ডেঙ্গু নিয়ে বিএনপির হটলাইন : বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় গতকাল বিকেলে ডেঙ্গুজ¦র মোকাবিলার পরামর্শ কেন্দ্র ও হটলাইন চালু করা হয়েছে। এর উদ্বোধন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হটলাইন নম্বর ০১৩০৬৮৫৯৬৬৪-এ ফোন করে ডেঙ্গুজ¦র নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে। ডেঙ্গুজ¦রের বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য একটি লিফলেটও প্রকাশ করেছে বিএনপি, যা প্রতিদিনই বিতরণ করা হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত