ডেঙ্গু ক্যাম্পেইনে নওফেল

যে জাতি দেশ স্বাধীন করতে পারে, মশায় পরাস্ত হতে পারে না

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০৪:১৯ এএম

যে জাতি ৯ মাসে দেশ স্বাধীন করতে পারে সে জাতি মশার কাছে পরাস্ত হতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল বুধবার রাজধানীর ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে

সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘ডেঙ্গুরোধে করণীয় ও সতর্কতা শীর্ষক’ ইনফোগ্রাফিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

উপমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে প্রায় পাঁচ লাখ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বসবাস। তারা জাতির বিবেক, এ দেশের সব অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ছিল প্রশংসার। ডেঙ্গু প্রতিরোধে এই পাঁচ লাখ শিক্ষার্থী যদি সচেতন হয় এবং প্রতিদিন কিছু সময় ব্যয় করে, তা হলে আমরা সফল হব।’

দলমত নির্বিশেষে সবাইকে ডেঙ্গু প্রতিরোধের সংগ্রামে অংশ নেওয়ারও আহ্বান জানান নওফেল।

ইনফোগ্রাফিকের উদ্বোধন শেষে উপমন্ত্রী রাজধানীর ধানমণ্ডি অঞ্চলে ইউল্যাব, স্ট্যামফোর্ড, ইস্টার্ন, স্টেট ও পিপলস বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক প্রচার চালান।

ইনফোগ্রাফিক অনুযায়ী ডেঙ্গুরোধে করণীয় বিষয়গুলো সম্পর্কে বলা হয়েছে : ফ্রিজ, এয়ারকন্ডিশনার, অ্যাকুয়ারিয়াম, বাথরুম, ঘর ও ফুলের টবসহ বাসার বিভিন্ন স্থানে জমে থাকা পানি তিন দিনের মধ্যে পরিবর্তন করুন। বাসা-বাড়ির আশপাশে ঝোপঝাড়, সীমানা দেওয়ালের মাঝে এবং পার্কিং এলাকাসহ কোথাও পানি জমতে না দেওয়া। টায়ার, মাটির পাত্র, টিনের কৌটা, কাচের পাত্র, ডাব বা নারিকেলের খোসা ও প্লাস্টিকের বোতল ইত্যাদিতে পানি জমতে দেওয়া যাবে না।  দিনের বেলা ঘুমাতে হলে মশারি বা মশা নিরোধক ব্যবহার করুন। আবাসিক ও অফিস ভবনের দরজা-জানালায় নেট ব্যবহার করুন। লম্বা হাতার শার্ট, কামিজ ও পায়জামা পরিধান করুন এবং পা ঢাকা যায় এমন কাপড় পরিধান করুন। খেয়াল রাখুন মশা যাতে না কামড়ায়। মশানিধক কয়েল, ম্যাট, স্প্রে, তেল ও ক্রিম ব্যবহার করুন। বাড়ির ছাদে এবং নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত