ভারতের সঙ্গে পাকিস্তানের শত্রুতা জন্মলগ্ন থেকেই। বেশ কয়েকবার দেশ দুটি যুদ্ধেও লিপ্ত হয়েছে। তাদের ভেতরের পুরোনো শত্রুতা বেশ কয়েক বছর ধরে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।
এদিকে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে আবারও জ্বলে উঠেছে ভারত-পাকিস্তানের নেতারা। ইতিমধ্যেই ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এবার পাকিস্তানে ভারতীয় সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক বিশেষ দূত ফিরদৌস আশিক আওয়ান এই তথ্য জানিয়েছেন বলে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের একটি খবরে বলা হয়।
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে পাকিস্তানের সাংস্কৃতিক সম্পর্ক ছিন্ন করার অংশ হিসেবে ভারতীয় সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেবল সিনেমা নয়, সব ধরনের ভারতীয় সাংস্কৃতিক কনটেন্ট পাকিস্তানে নিষিদ্ধ করার জন্য একটি নীতি প্রণয়ন করা হয়েছে।’
ফিরদৌস আশিক আরও বলেন, ‘সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে ভারত যা করেছে, তার জবাবে কাশ্মীরকে সমর্থন দিতে পাকিস্তান সম্ভাব্য সব ধরনের মাধ্যম ব্যবহার করবে।’
উল্লেখ্য, গতকাল ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান। এরপর ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্যও বন্ধ করার ঘোষণা দেয় দেশটির সরকার।
