জীবনে সফল হতে হলে সবকিছুতেই ভারসাম্য থাকা চাই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘জীবন হচ্ছে বাইসাইকেল চালানোর মতো। সাইকেল চালাতে যেমন ভারসাম্য রাখতে হয়, জীবনে সফল হতে হলেও তেমনি সবকিছুতে ভারসাম্য থাকা চাই।’ গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) আয়োজিত ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বাংলাদেশের গর্ব উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘নারীর ক্ষমতায়নে অবিশ্বাস্য কাজ করছে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি। যারা এ শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বিশ্বমানের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পেয়েছ, তোমরা সত্যিই ভাগ্যবান। আমরা আশা করব, তোমরা একদিন স্বপ্নের চেয়েও বড় হবে। নারীর ক্ষমতায়নে আরও বেশি ভূমিকা রাখবে।’
বড় হয়ে মা-বাবাকে ভুলে না যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ আরও বলেন, ‘তোমরা যখন ছোট ছিলে মাা-বাবা সন্তানের স্নেহ দিয়ে তোমাদের সেবা করতেন। এখন তোমরা বড় হয়েছ। পড়াশোনা করছ। একদিন আরও বড় হবে। বড় হয়ে মা-বাবাকে ভুলে যাবে না। তাদের সেবা করবে। কারণ বয়স বাড়লে মা-বাবা হয়ে যান ছোট সন্তানের মতো।’
অনুষ্ঠান শেষে সংবাদপত্রে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সংবাদপত্রে কর্মরতদের জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের লক্ষ্যে আদালতে সরকারের বক্তব্য উপস্থাপন করা হবে। আমরা আশা করছি আদালতের বিবেচ্য দৃষ্টি নিশ্চয়ই সাংবাদিকদের স্বার্থে বিবেচনা হবে। তবে যেহেতু এটি বিচারাধীন বিষয় আমি এর চেয়ে বেশি বলতে পারি না। শুধু আশা প্রকাশ করতে পারি।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংসদ ওয়াসিকা আয়েশা খান, বুয়েটের অধ্যাপক সেলিয়া শাহনাজ ও এইউডব্লিউর রেজিস্ট্রার ড. ডেভ ডল্যান্ড বক্তব্য দেন।
