জ্ঞাত আয়বহির্ভূত ৩২ কোটি টাকার সম্পদ অর্জনের মামলায় একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটির তদন্ত কর্মকর্তা দুদক উপপরিচালক শামসুল আলম দেশ রূপান্তরকে জানান, গতকাল বৃহস্পতিবার কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয়।
তিনি জানান, আবদুস সালাম নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী কমিশনে জমা দেননি। কমিশনের নিজস্ব তদন্তে তার
৩২ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৮৫৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। এ কারণে দুদক আইন অনুযায়ী তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
২০১৬ সালের ২ মার্চ করা মামলার বিবরণে বলা হয়, ইটিভির বিজনেস প্রমোশন, লিগ্যাল, বিনোদনসহ বিভিন্ন খাতের ভুয়া বিল দেখিয়ে আবদুস সালাম প্রায় ৩৪ কোটি টাকা আত্মসাৎ করেন। তিনি তথ্য গোপন করে বিদেশি কোম্পানি ‘সিটিকপ’র নামে থাকা ইটিভির শেয়ার স্থানান্তরে অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছেন।
দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, আবদুস সালামকে ২০১৬ সালের ২১ নভেম্বর কারা কর্র্তৃপক্ষের মাধ্যমে সম্পদ বিবরণী জমার নোটিস পাঠানো হয়। কিন্তু তিনি নিজ নামে, স্ত্রী এবং নির্ভরশীল ব্যক্তিদের নামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ-সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণী দুদকে দাখিল না করে দুদক আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
