সলঙ্গার পাচিলা বাজার এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ রায়গঞ্জ উপজেলার পূর্ব তেলিজানা গ্রামের আবু তাহেরের ছেলে তানভীর (২২) ও উল্লাপাড়ার গোপীনাথপুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে আজীম (১৭)। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান জানান, রাত ১০টার দিকে ওই দুই মোটরসাইকেল আরোহী নলকা থেকে রায়গঞ্জ যাওয়ার
পথে পাচিলা বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী বাসের সংঘর্ষ : ঠাকুরগাঁওয়ের খোচাবাড়িতে দুটি ঢাকাগামী বাসের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এদের মধ্যে অরিন (২০), মাইশা (১০) ও হাবিবা (১২) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ইব্রাহিম জানান, ঢাকাগামী ডিপজল ও হানিফ পরিবহনের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হানিফ পরিবহন উল্টে যায়। দুর্ঘটনায় হানিফ ও মিনিবাসের যাত্রীরা আহত হয়েছে।
