গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এক আসামি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোবিন্দগঞ্জের কাটাখালী বাঁধের ওপর এ ঘটনা ঘটে।
নিহত চিনু মিয়ার (৩৮) বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামে।
পুলিশ জানিয়েছে, চিনু মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইন, হত্যা চেষ্টা, প্রতারণা, চাঁদাবাজি, অগ্নিসংযোগ ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় কমপক্ষে ১৮টি মামলা রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, গত বুধবার রাত ১০টার দিকে বিশ্বনাথ গ্রামের বাঁধের ওপরে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ চিনুকে ছিনিয়ে নেয় তার সহযোগী ও স্বজনরা। এ সময় পুলিশ চিনুর সহযোগী নুর আলম ও তাজনুরকে আটক করে।
তিনি জানান, চিনু মিয়া কাটাখালী বাঁধ এলাকায় গা ঢাকা দিয়ে আছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ সেখানে অভিযানে যায়। চিনু ও তার সহযোগীদের আটকের চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান চিনু।
পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় আহত পুলিশের দুই সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
