ডেঙ্গু নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
মন্ত্রীর বক্তব্যকে ‘টক অব দি সেঞ্চুরি’ নাকি ‘শক অব দি সেঞ্চুরি’ বলবেন এ নিয়ে দ্বিধায় আছেন বলেও জানান তিনি।
শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার গোপালগঞ্জে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, “ডেঙ্গু এলিট শ্রেণির একটি মশা। এ মশা সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা শহরে দেখা যাচ্ছে। বাংলাদেশ যখন উন্নত হতে যাচ্ছে, তখন ডেঙ্গু এসেছে। মানুষের যত অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে তত নানা রোগে আক্রান্ত হচ্ছে।”
ডেঙ্গু নিয়ে এমন বক্তব্য দেওয়ায় প্রতিমন্ত্রীর কড়া সমালোচনা করে রিজভী বলেন, “ডেঙ্গু নয়, আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের মস্তিষ্ক পরীক্ষা করা দরকার।”
তিনি বলেন, “মন্ত্রীর এহেন বক্তব্যগুলো শুনে এগুলোকে ‘টক অব দি সেঞ্চুরি’ বলব নাকি ‘শক অব দি সেঞ্চুরি’ বলব এ নিয়ে দ্বিধায় আছি। তারা সকালে এক কথা আর বিকেলে আরেক কথা বলছেন।”
বিএনপির এই মুখপাত্র বলেন, “মধ্যরাতের নির্বাচন করে আওয়ামী মন্ত্রিসভায় এডিস মশা বিস্তারের মতো গবুচন্দ্রের মন্ত্রীদেরও বিস্তার ঘটেছে। মন্ত্রীদের উদ্ভট বোলচালে জনজীবন ডেঙ্গুর মতোই বিপর্যস্ত।”
এসময় ঈদের আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখনো গুরুতর অসুস্থ। বারবার ইনসুলিন পরিবর্তন এবং ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করার পরেও কোনো অবস্থাতেই তার সুগার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তার ওজন অনেকখানি কমে গেছে।”
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
