চোটের কারণে মেয়েদের টি-টোয়েন্টি বাছাই থেকে ছিটকে গেলেন বাংলাদেশ নারী ওয়ানডে দলের অধিনায়ক রুমানা আহমেদ। তারকা এই অলরাউন্ডারকে ছাড়াই আগামী বৃহস্পতিবার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না বলা হলেও রুমানার অনিশ্চয়তার ব্যাপারটি এখন কারো অজনা নয়।
কোচিংস্টাফ থেকে শুরু করে খেলোয়াড়দের সবাই জানেন, বিশ্বকাপ বাছাই মিশনে তাদের সহযাত্রী হতে পারছেন না রুমানা। শুক্রবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনেও দেখা যায়নি এই লেগস্পিনিং অলরাউন্ডারকে। যদিও বিশ্বকাপ বাছাইয়ের চূড়ান্ত দল ঘোষণা করেনি বিসিবি।
১৫ অগাস্ট বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। কিন্তু এই অনুশীলন ক্যাম্পে ছিলেন না রুমানা। ইনজুরির কারনে অনুশীলন করতে পারেননি এই অলরাউন্ডার।
জানা গেছে, চোটের কারণে তাকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। আর ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের কথা চিন্তা করে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়না টিম ম্যানেজম্যান্ট। সে কারণে তাকে ছাড়াই বাছাইপর্ব খেলতে যাবে বাংলাদেশ দল।
৩১ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বর স্কটল্যান্ডে বসবে ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। দুই গ্রুপে ভাগ হয়ে এতে অংশ নেবে মোট আট দেশ। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সুযোগ পাবে বিশ্বকাপ খেলার। স্কটল্যান্ড যাওয়ার আগে নেদারল্যান্ডসে প্রস্তুতি ক্যাম্পে ডাচ নারী ক্রিকেট দল ও থাইল্যান্ড নারী ক্রিকেট দলের সঙ্গে চারটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল।
